একদিনে ৭ গান গাইলেন জারিন

একদিনে ৭ গান গাইলেন জারিন

ফন্ট সাইজ:

২০২৩ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জারিন। বর্তমানে নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত তিনি। সেরাকণ্ঠ প্রতিযোগিতার আগে ২০২১ সালেই হাবিব ওয়াহিদের সঙ্গে ‘তুমিহীনা মন’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ হয় তার। পাশাপাশি এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’তে সিনেমায় প্লে-ব্যাক করেন জারিন। তার সুর-সংগীতও করেন হাবিব ওয়াহিদ। এদিকে নতুন গানের কাজ নিয়মিতই করে যাচ্ছেন তিনি। স্টেজ শো’র পাশাপাশি নিজের একটি নতুন ইউটিউব চ্যানেল প্রকাশের কথাও জানালেন তিনি।

তবে উল্লেখযোগ্য খবর হলো, সম্প্রতি একদিনে ৭টি গানে কণ্ঠ দিয়েছেন এ গায়িকা। সকাল থেকে রাত অবধি এ গানগুলোতে কণ্ঠ দেন তিনি। আসিফ সরকার ফিল্মসের জন্য এ গানগুলো করা হয়েছে। এই চ্যানেলের জন্য মোট ১২টি গান রেকর্ড করবেন জারিন। তারমধ্যে ৭টি গান তিনি রেকর্ড করেছেন গত সপ্তাহে। গানগুলোর সুর ও সংগীত করেছেন রোহান রাজ। এ বিষয়ে জারিন বলেন, অন্যরকম একটি অভিজ্ঞতা হলো। টানা ৭টি গানে কণ্ঠ দিলাম। ১২টি গানে কণ্ঠ দেয়ার কথা ছিল সেদিন। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কারণ আমরা তো মানুষ।

আরও পড়ুন:
সরব সুনেরাহ

তাছাড়া কোয়ালিটির কথা চিন্তা করেও বাকি গানগুলো পরে গাইবো বলে ঠিক করি। জারিন জানালেন, গানগুলো মিউজিক ভিডিওসহ একে একে প্রকাশ হবে। এদিকে এ বছর থেকেই নিজের ইউটিউব চ্যানেলের জন্যও গান প্রকাশ শুরু করবেন এ গায়িকা। তিনি বলেন, বেশ কয়েকটি গান তৈরি করছি। এরমধ্যে একটি লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটির যাত্রা শুরু হবে। দ্রুতই সব জানাবো।