দ্বিতীয় বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সংসারে নতুন অতিথি আসার অপেক্ষা থাকলেও নিজেকে কাজ থেকে সরিয়ে নেননি অভিনেত্রী। বরং অন্তঃসত্ত্বাকালের অষ্টম মাসেও শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির শুটিং শেষ করার লক্ষ্যেই এখনো ব্যস্ত দীপিকা। সিনেমাটির সঙ্গে যুক্ত এক সূত্রের দাবি, অক্টোবরেই দীপিকার দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। তার আগেই ছবিতে নিজের অংশের শুটিং শেষ করে ফেলতে চাইছেন অভিনেত্রী। প্রয়োজন হলে রাত পর্যন্ত সেটে থাকছেন তিনি।
দীপিকার এই পেশাদারিত্বে নাকি মুগ্ধ ছবির গোটা টিম। সূত্রের ভাষ্য, প্রয়োজন হলে তিনি রাত পর্যন্ত কাজ করছেন। সমস্ত কলাকুশলী এবং টিম তার নিষ্ঠা দেখে মুগ্ধ। যদিও এই প্রথম নয়। প্রথম সন্তান যখন গর্ভে, তখনো ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির শুটিং করেছিলেন দীপিকা। বেশ কিছু লড়াইয়ের দৃশ্যেও ছিলেন তিনি। অ্যাটলির ‘রাকা’ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি রয়েছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো অভিনেত্রীরা। ২০২৭ সালে ছবিটি মুক্তির কথা। এদিকে দীপিকা কাজ করছেন শাহরুখ খানের ‘কিং’ সিনেমায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি চলতি বছরের ২৪শে ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
