দেশে বিসিবি’র কিউরেটর কোর্স

দেশে বিসিবি’র কিউরেটর কোর্স

ফন্ট সাইজ:

মাঠ ও পিচ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে দেশে কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এ কোর্সের চট্টগ্রাম পর্ব শুরু হয়। যা শেষ হবে আগামীকাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান ও আইসিসি অ্যাক্রেডিটেড কিউরেটর টনি হেমিংয়ের নেতৃত্বে এ কোর্স পরিচালিত হচ্ছে। কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার মোট ৩০ জন কিউরেটর এই কোর্সে অংশ নিয়েছেন। সাবেক ক্রিকেটার ও বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্যসচিব মাজহার উদ্দীন অমি দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে কিউরেটর তৈরি করা। কোর্স শেষে পরীক্ষা নেয়া হবে। ওই পরীক্ষায় পাস করা কিউরেটরদের বিসিবির পক্ষ থেকে সনদ দেয়া হবে।’
বর্তমানে দেশে দুই থেকে তিনজন লেভেল-১ কোর্স করা কিউরেটর আছেন। সাধারণত কিউরেটরদের লেভেল ১ কোর্স করার জন্য দুবাইয়ে যেতে হয়। তবে এবার বিসিবি দেশেই এই আয়োজন করেছে। এই উদ্যোগ মাঠ ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে। ২৩ ও ২৪শে আগস্ট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে কিউরেটরদের লেভেল ১ কোর্সের ঢাকা পর্ব। মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর ৪০ জন এই কোর্সে অংশ নেবেন। মাঠের মান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে বিসিবি এ উদ্যোগ কাজে লাগকে বলে বিশ্বাস মাজহারের। তিনি বলেন, ‘আমাদের কিছু কিউরেটর দেশের বাইরেও কাজ করেন। আমরা চাচ্ছি শুধু দেশেই কাজ করা নয়, আমাদের কিউরেটরদের যেন দেশের বাইরেও পাঠাতে পারি।’