উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

দাবি জেলেনস্কির

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

ফন্ট সাইজ:

ইউক্রেনে হামলা চালাতে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। এমনই অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। ওই হামলায় রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সোমবার সন্ধ্যায় দেয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো রাশিয়া উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালাতে পারছে না।

তিনি বলেন, ইউক্রেনে ও ইউরোপে যত বেশি উত্তর কোরিয়ার হামলা হবে, তাদের ক্ষেপণাস্ত্র ও সেনাদের যত বেশি ব্যবহার করা হবে, তত বেশি তারা নিজেদের দুর্বলতা ও ঘাটতিগুলো সংশোধনের সুযোগ পাবে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতি শুধু ইউক্রেন নয়, গোটা বিশ্বের জন্যই হুমকি তৈরি করছে।
নিজের ভাষণে জেলেনস্কি সোমবার পশ্চিম সাইবেরিয়ায় একটি রুশ পেট্রোকেমিক্যাল কারখানায় ইউক্রেনীয় বিমান হামলার কথাও উল্লেখ করেন। তিনি এটিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর “অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য” হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, রাশিয়া ও রুশ জনগণকে বোঝানোর জন্য ইউক্রেন ভবিষ্যতে আরও গভীর অঞ্চলে হামলা চালাবে, যাতে তারা উপলব্ধি করতে পারে যে শান্তি প্রয়োজন।
রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে- জেলেনস্কির এমন অভিযোগ অবশ্য নতুন নয়। সপ্তাহান্তে তিনি সতর্ক করে বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষায় চলমান সামরিক অভিযানে যোগ দিতে উত্তর কোরিয়ার ৫০ হাজার পর্যন্ত সেনা পাঠানো হচ্ছে।
এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোরোনেঝে ইউক্রেনের হামলায় দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির স্থাপনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার হামলা হয়েছে।

এই হামলার এক দিন আগে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে তাতারস্তানে এ হামলা চালানো হয়।