উচ্চশিক্ষায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির

উচ্চশিক্ষায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির

ফন্ট সাইজ:

বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার ও দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি। সোমবার ঢাকার বারিধারায় জার্মান দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ আশ্বাস দেয়া হয়।

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও মানসম্মত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম এবং উচ্চতর গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ করে তুলতে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বাড়ানো প্রয়োজন। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এ ধরনের সহযোগিতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার ও দক্ষতা বৃদ্ধিতে জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় জার্মান দূতাবাসের পলিটিক্যাল, প্রেস ও কালচারাল সেকশনের ফাস্ট সেক্রেটারি মনিকা রয়টার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন