পারিবারিক কারণে আত্মহত্যার চিন্তা করেছিলেন অস্কারজয়ী অভিনেতা ব্র্যাড পিট। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, সাত বছর মদ্যপান থেকে বিরত থাকার পর তিনি আবার মদ খাওয়া শুরু করেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের কথা খোলাখুলি বলেছেন। সেই সময়ে তিনি মনে করতেন, ‘কোনো পথই খোলা নেই তার জন্য।’ ব্র্যাড পিট একটি পত্রিকাকে বলেন, শুধু জীবনের সামান্য একটি সময় ছাড়া আমি কখনোই আত্মহত্যাপ্রবণ ছিলাম না। আর সেই সময়টায় আমি শুধু ভাবতাম- আমি পারছি না। কোনো পথই দেখতে পাচ্ছিলাম না। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।
ব্রাড পিট বলেন, যন্ত্রণা এতটাই অসহনীয় ছিল যে- আমি অনুভব করতে পারছিলাম আমার মাথায় বুলেটের ঠাণ্ডা ধাতু, আর সেটাকে আমার কাছে স্বস্তির মতো মনে হচ্ছিল। আর আমি ভাবলাম, ওহ, ঠিক আছে, এখন আমি আত্মহত্যা বুঝতে পারছি- এই অর্থে যে, এটা শুধু স্বস্তি। এটা কেবল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খোঁজা। তবে আমি এটাও মনে করি, আমাদের বেঁচে থাকার প্রবল প্রবৃত্তি রয়েছে। আর আমার ক্ষেত্রে সেটাই সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছিল।
তাকে যখন জিজ্ঞেস করা হয়, কী কারণে তিনি জীবনের সবচেয়ে কঠিন অবস্থায় পৌঁছেছিলেন, তখন তিনি বলেন, পারিবারিক বিষয়- এটুকুতেই আমরা বিষয়টি ছেড়ে দিতে পারি।
অভিনেতা ব্র্যাড এবং তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যানজেলিনা জোলি (৫১) ছয় সন্তানের পিতা-মাতা। তারা দত্তক নিয়েছিলেন ম্যাডক্স, প্যাক্স, জাহরাকে। তাদের জৈবিক সন্তান শিলোহ এবং ১৮ বছর বয়সী যমজ নক্স ও ভিভিয়েন। ২০১৬ সালে ব্র্যাড ও অ্যানজেলিনার বিয়ে তিক্ত বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। এরপর তাদের সন্তানরা দৃশ্যত মায়ের পক্ষ নিয়েছে।
একবার ব্যক্তিগত বিমানে সন্তানদের সামনে ব্র্যাড ও অ্যানজেলিনার মধ্যে তীব্র ঝগড়া হয়। একই ফ্লাইটে ব্র্যাডের সঙ্গে ম্যাডক্সেরও কথাকাটাকাটি হয় বলে অভিযোগ রয়েছে। এরপর তাদের ছয় সন্তানের মধ্যে চারজন ব্র্যাডের পদবি বাদ দেয়ার জন্য আইনি নথি জমা দিয়েছে। ২০২৪ সালে ১৮ বছর বয়সে শিলোহ নিজস্ব আইনজীবী নিয়েছিলেন এবং আইনগতভাবে তার পদবি পরিবর্তন করে শিলোহ জোলি করেন। মে ২০২৬ সালে ম্যাডক্স আদালতে আনুষ্ঠানিক নথি জমা দিয়ে আইনগতভাবে ‘ম্যাডক্স চিভান জোলি’ নাম গ্রহণের আবেদন করেন। এর আগে চলচ্চিত্রের কাজেও তিনি পেশাগতভাবে জোলি পদবি ব্যবহার করেন।
জাহরা কলেজের সোররিটি অনুষ্ঠানে প্রকাশ্যে ‘পিট’ পদবি ব্যবহার বাদ দেন। এরপর ২০২৬ সালের মাঝামাঝি আইনগতভাবে তার নাম জাহরা মার্লে জোলি করার প্রক্রিয়া সম্পন্ন করেন। ব্রডওয়ে প্রযোজনায় কাজ করার সময় ভিভিয়েন জোলি নামে পেশাগতভাবে পরিচিত হওয়ার পর, ২০২৬ সালের জুলাইয়ে ১৮ বছর পূর্ণ করার পর তিনি আইনগতভাবে ‘পিট’ পদবি বাদ দেয়ার আবেদন করেন। তবে নক্স ও প্যাক্স জোলি-পিট তাদের নাম আইনগতভাবে পরিবর্তনের জন্য কোনো আবেদন করেননি।
সাক্ষাৎকারে ব্র্যাড তার আবার মদ্যপান শুরু করার সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন। এর আগে তিনি অতিরিক্ত মদ্যপানের কথা স্বীকার করার পর অ্যালকোহলিকস অ্যানোনিমাস-এ যোগ দিয়েছিলেন। তিনি বলেন, আমি সাত বছর মদ্যপান থেকে বিরত ছিলাম। তারপর আবার সেই পথ থেকে সরে গেলাম। অভিনেতা আরও বলেন, আমি কয়েকবার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। তারপর বুঝেছি- হ্যাঁ, এটা আমার জন্য ভালো নয়। বেশি পরিমাণে তো একেবারেই নয়।
সাক্ষাৎকারের আগে তিনি ব্র্যাডকে এক গ্লাস ওয়াইন দেয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি এখন ‘এক গ্লাস ওয়াইন’ পান করতে পারেন? জবাবে ব্র্যাড বলেন- আচ্ছা, আমি কয়েক গ্লাস পান করতে পারি। কিন্তু বেশি পান করতে পারি না। এ বিষয়ে আমাকে পেশাদার হতে হবে।
গত বছর ড্যাক্স শেপার্ডের ‘আর্মচেয়ার এক্সপার্ট’ পডকাস্টে ব্র্যাড তার মদ্যপান থেকে বিরত থাকার বিষয়টি নিয়ে কথা বলেন। অ্যালকোহলিকস অ্যানোনিমাসের সভায় নিজের সমস্যার কথা প্রকাশ করতে শুরুতে তার যে অসুবিধা হয়েছিল, সে প্রসঙ্গে তিনি তখন বলেন, আমি যেকোনো কিছু চেষ্টা করছিলাম, কেউ আমার সামনে যা-ই আনত, যেকোনো কিছু। সময়টা কঠিন ছিল। আমাকে নতুন করে শুরু করতে হয়েছিল। কিছু কিছু বিষয়ে আমাকে ঘুম থেকে জেগে উঠতে হয়েছিল, সত্যিই জেগে উঠতে হয়েছিল। আর বিষয়টি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সবাই এত খোলামেলা ছিল। ২০২০ সালে ব্র্যাড মদ্যপান থেকে মুক্ত হতে তাকে সহায়তা করার জন্য আরেক অভিনেতা ব্র্যাডলি কুপারকে ধন্যবাদ জানিয়েছিলেন।
