স্ত্রীর পরকীয়া সন্দেহে দুই কন্যাকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা

স্ত্রীর পরকীয়া সন্দেহে দুই কন্যাকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা

ফন্ট সাইজ:

স্ত্রী পরকীয়ায় লিপ্ত এমন সন্দেহে নিজের ১০ ও ৫ বছর বয়সী দুই কন্যাকে হত্যা করেছেন ৪০ বছর বয়সী এসজি ইমরান। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় তার গলা কাটা ছিল। এসব ঘটনা ঘটেছে ভারতের ব্যাঙ্গালোরে একটি ৫ তারকা হোটেলে। এসজি ইমরান এ জন্য ওই হোটেলের কক্ষ ভাড়া নিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, নিহত দুই কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিছানা থেকে। এর কয়েক মিটার দূরেই একটি টয়লেটে ভয়াবহ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ৪০ বছর বয়সী এসজি ইমরান। হোটেলের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যান মনিপাল হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ বলেছে, ইমরান সন্দেহ করতেন যে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। পুলিশকে তিনি বলেছেন- আমি চাই না এই প্রকৃতির মায়ের কাছে আমার সন্তানরা বড় হোক। তাই আমি তাদেরকে হত্যা করে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাঙ্গালোর পুলিশ বলেছে, তিনি নিজের কন্যাদের শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর নিজে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের ডেপুটি কমিশনার জিকে মিথুন কুমার বলেন- আগের দিন সন্ধ্যায় দুই কন্যাকে সঙ্গে নিয়ে ইমরান নামে এক ব্যক্তি একটি হোটেলে ওঠেন। এরপর রাত প্রায় চারটার দিকে হোটেল স্টাফরা তাদের কক্ষ পরিষ্কার করতে যান। দরজায় নক করেন। কোনো সাড়া পাওয়া যায় না। এরপর কক্ষে প্রবেশ করে তারা দুই কন্যাকে মৃত অবস্থায় পান। বিছানার ওপর পড়ে ছিল তাদের দেহ। একটি ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তাদের পিতা। তিনি আরও জানান, নিজের কন্যাদের হত্যার দায় স্বীকার করেছেন ইমরান।

এ বিষয়ে আমরা একটি মামলা করছি। আমরা এ বিষয়ে আরও তদন্ত করবো। আমরা শুধু এটুকু জানতে পেরেছি যে, নাগাওয়ারার বাসিন্দা ইমরান। তার পেশা কি, কি কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হবে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন