এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ। ফলাফলে গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার সবচেয়ে কম মানবিক বিভাগে, ৫০.৬১ শতাংশ। সোমবার সোয়া ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে এ বছর পাসের হারে এগিয়ে থাকলেও কমেছে জিপিএ-৫। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২।
ফলাফল বিবরণীতে দেখা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। এর মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে ও ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে পাস করেছে। এক্ষেত্রে মেয়েদের গড় পাসের হার ৬৬.৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩.২৪ শতাংশ। মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ও ছেলেদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।
বিভাগভিত্তিক পাসের হারে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, এর মধ্যে ছেলে ৮১.৬৬ ও মেয়ে ৮৩.৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০.৬১ শতাংশ, এর মধ্যে ছেলে ৪৫.০৫ ও মেয়ে ৫২.২৫ এবং বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭. ৪০ শতাংশ, এ বিভাগে ৫২.৪৪ শতাংশ ছেলে ও ৬৩.৮২ শতাংশ মেয়ে পাস করেছে। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ২৪টি, যা গত বছর ছিল ২২টি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ বোর্ডের পদস্থ কর্মকর্তাগণ।
