ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন।গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। সোমবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক। বোর্ডে শতভাগ কৃতকার্য ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ অকৃতকার্য ৪টি শিক্ষা প্রতিষ্ঠান। ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার নেত্রকোণায়, ৬০ দশমিক ৪১ শতাংশ।
ময়মনসিংহে পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪৪ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নেয়া ৫৩ হাজার ৮৭৭ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ৫১ হাজার ১৫১ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে তা ছিল ৮৫ শতাংশ। ২০২৫ সালে পাসের হার কমে দাঁড়ায় ৫৮ দশমিক ২২ শতাংশে। এবার আরও কমে তা হয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে, ৭১ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ।
