এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ভালো করেছে রংপুরের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। সোমবার দুপুরে ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে উল্লাস করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর ক্যাডেট কলেজ সেরাদের সেরা হয়েছে। এ প্রতিষ্ঠানের ৫০ জন পরীক্ষার্থীর সবাই পাসসহ জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া রংপুর জিলা স্কুলে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ২১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ২৬৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন, রংপুর ক্যান্টঃপাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৫৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৫৬৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩২২ জন।
শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান, শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া এবং অভিভাবক ও সহপাঠীদের সহযোগিতা ভালো ফলাফলের কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রতিষ্ঠান প্রধানরা। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ার বলেন, সিলেবাস শেষ হওয়ার পর পরীক্ষার আগ পর্যন্ত আমরা শিক্ষার্থীদের মডেল টেস্টসহ নানা পরীক্ষার মাধ্যমে অধিকতর প্রস্তুত করে তুলেছিলাম। ফলে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯ দশমিক ৩০। এ কৃতিত্ব শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির।
