কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে প্রতিষ্ঠিত জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাঁচ পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ। বিদ্যালয়টিতে পাঁচজন পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, পাঁচজনের সবাই অকৃতকার্য হয়েছে। এদিকে এবারের এসএসসি পরীক্ষায় জেলার মধ্যে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সবচেয়ে ভালো ফল করেছে জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টির ৫৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৮ জন উত্তীর্ণ হয়েছে।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন। এর পরে রয়েছে জেলা শহরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৮.৩০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। জেলায় জিপিএ-৫ পাওয়ার দিক থেকে তৃতীয় হয়েছে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৬ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। এ ছাড়া জেলায় পাসের হারে সর্বোচ্চ হয়েছে বাজিতপুর উপজেলার আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। বিদ্যালয়টির ৩২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৯.৬৯। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।
