নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে মা ও শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মা বিউটি (২৪) এবং ছেলে মারুফ (৮)’র মৃত্যু হয়। বাবা মাইদুল (৩০) আইসিইউতে রয়েছেন। এর আগে গত শুক্রবার সকালে কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ডে তারা তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর মা ও ছেলের মৃত্যু হয়। তবে মাইনুলের অবস্থাও আশঙ্কাজনক।
