এসএসসি’র ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারের শীর্ষে ফেনী

ফন্ট সাইজ:

সারা দেশের ন্যায় ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফলের দিক থেকে শীর্ষ স্থান দখল করেছে ফেনী জেলা। প্রকাশিত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২, আর ফেনীতে পাসের হার ৭২.৬২ ভাগ। কুমিল্লার শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিবরণীতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেনীর ১৮৯টি কলেজ থেকে ২১টি পরীক্ষা কেন্দ্রে ১৪ হাজার ৯০০ জন অংশ নেয়। তন্মধ্যে ১০ হাজার ৮২১ জন কৃতকার্য এবং ৪ হাজার ৭৯ জন অকৃতকার্য হয়। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন। পাসের হার ৭২ দশমিক ৬২ ভাগ। এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ৬টি জেলায় পাসের হারের প্রতিবেদনে দেখা যায়, পাসের হার ৭২ দশমিক ৬২ পেয়ে বোর্ড পর্যায়ে শীর্ষে রয়েছে ফেনী।

বাকি জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসের হার ৭১.৫০, কুমিল্লা জেলায় পাসের হার ৬৪.৭৮, লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৬৩.৯১, চাঁদপুর জেলায় পাসের হার ৬৩.৬৩। কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন্ন নোয়াখালীতে ৫৯.৯৮ ভাগ। এদিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফেনী জেলা পর্যায়ে শীর্ষ স্থানে থাকা শতভাগ পাসের এ প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডে সেরা তালিকায় এবারও স্থান পেয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করেছে। বিষয়টি অবশ্যই ফেনীবাসীর জন্য সুখবর এবং আমাদের জন্য আনন্দের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন