চট্টগ্রাম-১১ আসনের বিএনপি’র প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়োজন হলে বিএনপি ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে চিন্তা করতে পারে। ৪২টি রাজনৈতিক দলের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে যেসব দল একমত হবে, তাদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নেয়া হবে বলে জানান তিনি। সোমবার সকালে নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশে এখন নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ সময় পর নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। নির্বাচিত হলে চট্টগ্রাম-১১ আসনে ১১টি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বন্দরের কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম এবং পরিচালন দক্ষতা বিবেচনায় নেন। এসব সূচকে উন্নয়ন ঘটিয়ে চট্টগ্রাম বন্দরকে বৈশ্বিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে বলেও উল্লেখ করেন।
ভোটের দিন নিয়ে শঙ্কার প্রসঙ্গে তিনি বলেন, সামাজিকমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। ঐকমত্যের সরকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের ক্ষেত্রে দর্শনগত মিল এবং ভবিষ্যৎ কর্মসূচিতে একমত হওয়া জরুরি। ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। হ্যাঁ/না ভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ দেয়া হবে না। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগ করতে চায়।
নির্বাচনী সময়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ সামনে না আনার বিষয়ে তিনি বলেন, নির্বাচন মূলত ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের বিষয়। অতীতের মতো এবারো জনগণ বিএনপি’র ওপর আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যেকোনো চেষ্টা জনগণ ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন। ভোট কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে নানা অভিযোগ আসছে। তবে জনগণ বিভ্রান্ত হবে না বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বিএনপি’র আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
‘বিএনপি ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে চিন্তা করতে পারে’
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
