নবীগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন ব্যবসায়ীর

ফন্ট সাইজ:

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপভ্যান চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং একই বাজারের ব্যবসায়ী ময়না মিয়া (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইনাতগঞ্জ বাজার থেকে কয়েকজন সবজি ব্যবসায়ী পিকআপভ্যানযোগে বাহুবল উপজেলার দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন।

পথিমধ্যে পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মশহুদ নিহত হন। গুরুতর আহত পিকআপভ্যান চালকসহ চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবজি আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। বর্তমানে পিকআপভ্যান চালকসহ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক এসআই মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন