চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ

ফন্ট সাইজ:

চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ করেছেন বৃটিশ আমেরিকান ট্যোবাকো রংপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে নগরীর কেল্লাবন্দের আঞ্চলিক কার্যালয়ের সামনে কর্মসূচিতে বক্তব্য রাখেন লালমনিরহাটের ফিল্ড টেকনিশিয়ান রাফসান জুলহাস রনি, পলাশবাড়ীর রাকিবুল হাসান রুপম, রংপুরের সবুজ মিয়াসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অফিস স্টাফ ও ফিল্ড টেকনিশিয়ানরা বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি করে আসছে।

বিগত সময়ে আন্দোলনের প্রেক্ষিতে কোম্পানি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও সেটি বাস্তবায়ন করতে বর্তমানে টালবাহানা করছে। এরই প্রেক্ষিতে টানা ২৭ দিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা নানা ধরনের আন্দোলন কর্মসূচি করে আসছে। এনিয়ে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি।

বক্তারা আরও বলেন, শ্রম আইন অনুযায়ী ১৮০ দিনের বেশি ঠিকাদারি প্রতিষ্ঠান একজন জনবলকে একটি প্রতিষ্ঠানে কাজ করাতে পারবে না। কিন্তু বৃটিশ আমেরিকান ট্যোবাকোতে প্রায় দুই যুগ ধরে কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছে।

তাই চাকরি স্থায়ীকরণ তাদের ন্যায্য দাবি। অন্যত্থায় কোম্পানিই শ্রম আইন লঙ্ঘন করার মতো অপরাধে দণ্ডিত হতে পারে। দ্রুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন আন্দোলনকারীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন