নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি জানতে পারে, নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান পাচারের চেষ্টা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ৩৪-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলমের দিক-নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টহলদল রোববার রাত আনুমানিক ৩টার দিকে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ২ লাখ ৪৬ হাজার পিস। ৩৪-বিজিবি’র এই সফল অভিযান সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে বিজিবি’র কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র ধারাবাহিক তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। উদ্ধার করা ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৩৪-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম সাংবাদিকদের বলেন, ‘শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন