কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ছোটশালঘর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম মুন্সী (৩৪) বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি ছোটশালঘর এলাকার বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ছোটশালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের করা হয়।
অভিযোগ রয়েছে, ওই মিছিলের আয়োজন ও নেতৃত্বে ছিলেন সাদ্দাম মুন্সী। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনার পর থেকেই সাদ্দাম মুন্সী আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দেবিদ্বার থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, সাদ্দাম মুন্সী নাশকতার একটি মামলাসহ আরও চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সমপ্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলে সাদ্দাম মুন্সীর অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে।
পাশাপাশি কোমলমতি শিশুদের ব্যবহার করে রাজনৈতিক দলের মিছিল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
