চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার ভোররাতে ‘অপারেশন সমুদ্র প্রহরা’র অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় টহল দিচ্ছিল কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি সন্দেহজনক বোটের গতিবিধি লক্ষ্য করেন। পরে বোটটিকে থামার সংকেত দেয়া হলেও সেটি না মেনে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। এরপর বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে বোটে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। কোস্ট গার্ড জানিয়েছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইয়াবার এই চালান পাচারের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুই ব্যক্তি, জব্দ করা ইয়াবা ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
