মানবজমিনে খবর প্রকাশের পর জমি উদ্ধারে পাউবো’র পদক্ষেপ

ফন্ট সাইজ:

দৈনিক মানবজমিন পত্রিকায় খবর প্রকাশের পর খুলনার ডুমুরিয়ায় পাউবো’র অবৈধ জমি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করলো পাউবো কর্তৃপক্ষ। এর আগে গত ৫ই আগস্ট দৈনিক মানবজমিনে ‘ডুমুরিয়ায় পাউবো’র জমি বিক্রি এলাকায় তোলপাড়’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সেটাকে আমলে নিয়ে সরজমিন তদন্তে আসে পাউবো কর্তৃপক্ষ। পরে বিষয়টির সত্যতা পায় কর্তৃপক্ষ। সেটাকে উদ্ধারের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসককে চিঠি দিয়ে অবহিত করাসহ সার্বিক সহযোগিতা চেয়েছেন।

এ ছাড়াও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রংপুর ইউনিয়নের আমভিটা এলাকার ২৭/১ নম্বর ফোল্ডারের পাউবো’র জমিতে। এটা নিয়ে পাউবো’র কর্তাব্যক্তিদের দিকেই অভিযোগের তীর ছুড়েছেন স্থানীয়রা। তথ্য নিলে জানা যায়, আমভিটা এলাকায় কয়েক একর জমি রয়েছে পাউবো’র। সেগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকলেও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি পাউবো কর্তৃপক্ষ। এমনকি গোপনে অনেকে অবৈধভাবে দখলে থাকা জমি বিক্রিও করেছেন। সম্প্রতি পাউবো’র উপর মন্দির থাকা জমি বিক্রি করার মতো ঘটনা ঘটেছে। সেটা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। সরজমিন গেলে দেখা যায়, পাউবো’র জমির উপর নির্মিত হচ্ছে বসতবাড়ি। পরবর্তীতে অধিকতর খোঁজ নিলে জানা যায়, রংপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ মণ্ডল প্রথমে জমি দখল করে। পরবর্তীতে একটি মন্দির নির্মাণ করে। প্রকাশ মণ্ডল মারা যাওয়ার পর তারই পুত্র দিবা মণ্ডল মন্দিরের মূর্তিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। অবৈধভাবে দখলে থাকা জমি প্রায় ১১ লাখ টাকা দুই জনের কাছে বিক্রি করেছে বলে জানা যায়। ক্রেতা মো. জাফর ও নূপুর নামের দুইজন জমি ক্রয় করেছেন। কথা বললে জাফর বলেন, তিনি সদ্য ভারত থেকে এসেছেন ও এই প্রতিবেদককে জানান, তার কাছে বিক্রি করা হয়েছে ৮ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ৮ শতকের বেশি জমি। তিনি সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এমনকি সেখানে তিনি প্রায় ৪ লাখ টাকার মতো খরচ করেছেন। জমি কেনার আগে সমস্যা হবে বুঝতে পারেননি বলেও জানান তিনি। তবে নূপুরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বাড়িতে না থাকায় কথা বলা সম্ভব হয়নি। নিত্যানন্দ নামের একজন স্থানীয় জানান, দুই পয়েন্টে দুইজনের কাছে জমি বিক্রি করা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বলেন, এখানে পাউবি’র লোকেরা আসেন তবে তারা কোনো কিছু বলেন না। মন্দিরের জায়গা বিক্রি করায় গত সোমবার একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানান রংপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম। পরবর্তীতে জমি বিক্রেতা দিবার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন