জীবনে কিছু ঘটনা অম্লান রয়ে যায়। ঠিক তেমনি এক মুহূর্তের মুখোমুখি হলেন চলচ্চিত্রের গুণী অভিনেত্রী গুলশান আরা চম্পা। সম্প্রতি বড় বোন সুচন্দাসহ শারীরিকভাবে অসুস্থ নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখতে তার বাসায় যান তিনি। হাতে ফুল নিয়ে কাঞ্চনের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে চিনতে পেরেছেন? বলুন তো আমি কে? স্বভাবসুলভ হাসিতে কাঞ্চন উত্তর দিলেন, তুমি চম্পা! আমি তোমার প্রথম সিনেমা ‘তিন কন্যা’র নায়ক। আবেগী হয়ে পড়েন চম্পা। তিনি মানবজমিনকে জানান, কাঞ্চন ভাই শুটিংয়ের অবসরে আড্ডায় সব সময় আমাকে বলতেন, চম্পা তুমি হজ করে ফেলো। তিনি বলতেন, তারুণ্যের ইবাদত আল্লাহ্র কাছে খুবই প্রিয়। আল্লাহ্র কাছে শুকরিয়া। আমি বড় হজ করতে পেরেছি। সেদিন কাঞ্চন ভাইয়ের জন্য জমজমের পানি নিয়ে গিয়ে নিজ হাতে পান করিয়েছি। ইনশাআল্লাহ্ আমাদের কাঞ্চন ভাই সুস্থ হয়ে যাবেন।
চম্পা বলেন, কাঞ্চন ভাইকে দেখে খুব ভালো লেগেছে। প্রচুর প্রাণশক্তি উনার ভেতর রয়েছে; যেটা এ সময় খুবই প্রয়োজন। একদিন আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের ভালো কর্মগুলো নতুন প্রজন্মকে আমাদের কথা মনে করিয়ে দেবে। অভিনয়ের বাইরে কাঞ্চন ভাই দেশবাসীর কাছে ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগানটি পৌঁছে দিতে পেরেছেন, তার জন্য উনাকে সাধুবাদ জানাই। এ ছাড়া, কাঞ্চন ভাইয়ের জীবনে ঝড় বয়ে গেলেও আমরা দেখেছি, তিনি কখনো ভেঙে পড়তেন না। তিনি ভেঙে পড়ার মানুষ নন। তার মনোবল শক্ত। আমি উনার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফোনে কথা বলেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেনÑ পুরোপুরি সুস্থ হয়ে কাঞ্চন ভাই আমাদের মাঝে ফিরে আসবেন।
