সিনিয়র নেতাকে হত্যার পর ক্ষমা চাইলেন সাবেক এমপি

থাইল্যান্ড

সিনিয়র নেতাকে হত্যার পর ক্ষমা চাইলেন সাবেক এমপি

ফন্ট সাইজ:

থাইল্যান্ডে সরকারি ভবনের সামনে সাবেক এক এমপির গুলিতে দেশটির এক জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। দেশটিতে সোমবারের (১০ আগস্ট) এ ঘটনার মাত্র কয়েক দিন আগেই একই অঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই বন্দুক হামলায় নিহত থংচাই ইয়েনপ্রাসের্ত ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার (পিএও) প্রেসিডেন্ট ছিলেন। থাই কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হামলায় থংচাইয়ের গাড়িচালকও আহত হয়েছেন। ননথাবুরি প্রাদেশিক কার্যালয়ের ভবনের বাইরে এ হামলার ঘটনা ঘটেছে।
থাই পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সাবেক আইনপ্রণেতা চালং রিয়াওরাংকে গ্রেপ্তার করা হয়েছে। গুলি চালানোর পরপরই তিনি হামলার দায় স্বীকার করে এক ইউটিউবারকে ফোন করেন।

পরবর্তী সময়ে একটি পুলিশ স্টেশনে সংবাদ সম্মেলনে তিনি থংচাইয়ের পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চান। চালং বলেন, থংচাই তার “ভালো বন্ধু” ছিলেন। তবে অর্থসংক্রান্ত বিষয় নিয়ে তিনি তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
তিনি বলেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন এখানে বসে আছি। সারা জীবনে আমাকে কখনো পুলিশ স্টেশনে আসতে হয়নি।
চালং আরও বলেন, আজ আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে তার অফিসে গিয়েছিলাম। আমরা কথা বলেছি, কিন্তু সে আমার কথা শোনেনি। সে কথা বলেনি। কোনো কিছুই স্বীকার করেনি।

এদিকে, গুলির ঘটনায় অভিযুক্ত চালং রিয়াওরাংকে গ্রেপ্তারের পর পুলিশ স্টেশনে ধূমপানরত অবস্থায় দেখা গেছে। সেখানে তাকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলারও সুযোগ দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরও পুলিশ স্টেশনেই তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন