শ্রীপুর পৌর মুক্ত মঞ্চে বিএনপি’র জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর এলাকার মুক্ত মঞ্চে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল। শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উলামায়ে দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, শ্রীপুর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবির, পৌর বিএনপি’র আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান, শরিফ সিদ্দিকী, বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে জনগণ নানাভাবে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শ্রীপুরের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারা। উপজেলা বিএনপি’র ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মেধা বলেন, ‘এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র।’ বক্তারা আরও বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সবসময় সাধারণ মানুষের দুঃখে-সুখে পাশে থেকেছেন। তাকে বিজয়ী করা হলে গাজীপুর-৩ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।