মৌলভীবাজারে চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল ও সামাবেশ হয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ। গেজেট ২০২৩ বাতিল করা। চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা। ভূমির অধিকার নিশ্চিত করার দাবিতে গতকাল বিকাল ৫টার দিকে মৌলভীবাজার শহরে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ। বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চরম দুর্মূল্যের বাজারে ১৮৭ টাকা দৈনিক মজুরি দেয়ার মধ্য দিয়ে চা শ্রমিকদের সঙ্গে মালিকরা চরম অন্যায় করছে। সরকার চা শিল্পকে একটি লাভজনক রপ্তানিমুখী শিল্প হিসেবে ঘোষণা করা হচ্ছে, অপরদিকে যারা পরম মমতা দিয়ে যেই চা শ্রমিকরা বাগানটাকে গড়ে তুলেছে সেই শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যুগ যুগ ধরে এই শোষণ ব্যবস্থা একটা চরম দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রেখেছে এই জনগোষ্ঠীকে। এই বন্দিদশা থেকে চা শ্রমিকদের মুক্তি দিতে হবে। আমরা চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণের দাবি জোরালোভাবে রাখছি। চা শ্রমিকদের সঙ্গে প্রতারণার শামিল ৫% ইনক্রিমেন্ট প্রদানের গেজেট ২০২৩ বাতিলের দাবি এই সমাবেশ। অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার দাবি রাখছি।
