মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার বিকালে উপজেলা চরজানাজাত ইউনিয়নে স্থানীয়দের উদ্যোগে চরজানাজাত বেপারী চর বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, চরজানাজাত, চরচান্দ্রা ইউনিয়নের বিভিন্নস্থান থেকে যত্রতত্র বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। এতে পদ্মা নদীর অসংখ্য স্থান থেকে একযোগে চলছে অবৈধ বালু বাণিজ্য। অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য পদ্মার তীরবর্তী এলাকার ফসলি জমি ও অসংখ্য স্থাপনা ঝুঁকিতে রয়েছে।
আগামী কয়েকদিনের মধ্যে অবৈধ ড্রেজার বন্ধ না হলে নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাওয়ের ঘোষণা দেন মানববন্ধনকারীরা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক চরজানাজাত ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসিরুদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শান্ত বেপারী, আব্দুল মজিদ বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, নুর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর, মো. মোতালেব বেপারীসহ ছাড়াও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশ নেয়া এডভোকেট নাসিরউদ্দিন বেপারী জানান, কিছু অসাধু চক্র পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। আর সেই বালু উত্তোলনকারীদের সহযোগিতা করছে এলাকার অনেক প্রভাবশালী লোক। নৌ-পুলিশের চোখের সামনেই ঘটছে এমন ঘটনা। কিন্তু দেখে মনে হয় নৌ-পুলিশ কিছুই জানে না। তাহলে নৌপুলিশের কাজটা কি? আমরা এই অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছি।
