চাঁপাইনবাবগঞ্জে জাল রুপির কারখানায় অভিযান, আটক ২

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে র‌্যাব-৫। অভিযানে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল রুপি, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের চৌধুরী পাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনাববগঞ্জ শহরের বালুবাগানে ভারতীয় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল নোট তৈরির কারখানাটি। অভিযানে দুইজনকে আটক ও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল রুপি। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা, জাল রুপি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।
জাল নোট চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন