যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে নিজ বসতঘর থেকে মা ও ৭ বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে পরিবারের লোকজন জাকির শিকদারের স্ত্রী জোবাইদা বেগম ও তার ছেলে জিসানকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে। এ সময় জোবাইদার পাশে জিসানের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে ছিল বলে জানা গেছে। ঘটনার সময় জোবাইদার স্বামী জাকির শিকদার ও তাদের একমাত্র মেয়ে বাড়িতে ছিলেন না।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত জোবাইদার স্বামী জাকির শিকদার ও প্রতিবেশী মৃত গোলাম শিকদারের ছেলে সিহাবকে (২৫) আটক করেছে পুলিশ। নিহতের স্বজন ও প্রতিবেশীদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা নিশ্চিত করে বলতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির শিকদার দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে প্রতিবেশী সিহাবের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দফা সমাধানের চেষ্টাও হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে লাশ দু’টি উদ্ধার করে। বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
