মহম্মদপুরে ইউএনও’র অপসারণ চেয়ে মানববন্ধন

মহম্মদপুরে ইউএনও’র অপসারণ চেয়ে মানববন্ধন

ফন্ট সাইজ:

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ও প্রতিবাদ করেছে বিএনপি’র একাংশ। এ ছাড়া নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের দাবি করেন বিক্ষোভকারী নেতাকর্মী ও সাধারণ জনতা। রোববার সকাল ১১টার সময় মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মহম্মদপুরের ইউএনও বেদবতী মিস্ত্রির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। বক্তারা বলেন, নীতিমালা অনুসরণ না করে সম্পূর্ণ অনিয়ম দুর্নীতির মাধ্যমে দলীয় একটি পক্ষের সুপারিশ মোতাবেক বৈষম্যের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়া ও ইউএনও’র অপসারণ দাবিতে বক্তব্য রাখেন মহম্মদপুর সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপি’র সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু মিয়া ও বিএনপি’র সাবেক সদস্য-সচিব, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ আলম প্রমুখ।

ফ্যামিলি কার্ডের জনবল পুনঃনিয়োগ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানে স্বচ্ছতা, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদানে স্বচ্ছতা এবং ভি জি এফ কার্ড বিতরণে স্বচ্ছতার দাবি করেন তারা। অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে বিষয়টি নিয়ে বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করেন ইউএনওকে। বক্তারা আরও বলেন, বৃহত্তর স্বার্থে প্রয়োজনে তারা জেলা প্রশাসকসহ মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন এসব কথা বলে বক্তব্য দেন বিএনপি’র একাংশের নেতাকর্মীরা।
ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে অনিয়মের কোনো সুযোগ নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন