চুরির অভিযোগে কৃষক দলের বহিষ্কৃত নেতাকে থানায় সোপর্দ

চুরির অভিযোগে কৃষক দলের বহিষ্কৃত নেতাকে থানায় সোপর্দ

ফন্ট সাইজ:

চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে স্বরূপকাঠি পৌর কৃষক দলের বহিষ্কৃত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, একটি বাড়িতে তালা ভেঙে চুরি করার সময় সুমন সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সুমন সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কথিত কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে স্থানীয়রা জানান। সে এলাকার একজন চিহ্নিত মাদক সেবনকারী। সুমন সরকার স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের ছেলে। তিনি স্বরূপকাঠি পৌর কৃষকদলের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

তবে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত ১৮ই জুলাই পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া বলেন, গত শুক্রবার একটি বাড়িতে সুমন চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। পরে শনিবার সন্ধ্যায় তাকে রাস্তায় পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে কৌশলে সরে যায়। রাতে নতুন করে অন্য একটি বাড়িতে গিয়ে তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা সুমনকে ধরে থানায় দিয়ে গেছে। তার কাছে চুরির মালামাল পাওয়া গেছে। এ ঘটনায় চুরির মামলা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন