রাজপথ থেকে সিটি করপোরেশনে মাহফুজ

রাজপথ থেকে সিটি করপোরেশনে মাহফুজ

ফন্ট সাইজ:

গলি থেকে রাজপথ। আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম-হুলিয়া। পরিস্থিতি মোকাবিলা করে রাজপথ থেকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এড. মাহফুজ-উন-নবী চৌধুরী। স্বপ্ন দেখেন দীর্ঘদিনের অবহেলিত রংপুর সিটিকে পরিকল্পিত মডেল নগরী গড়ে তুলে দেশের প্রধানমন্ত্রীসহ রংপুর নগরবাসীকে উপহার দিতে। নগরীর গোমস্তপাড়ার মাহফুজ-উন-নবী ডন নামে পরিচিত। স্কুলছাত্র থাকাকালীন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাবোধ থেকে ছাত্র রাজনীতিতে আসেন ১৯৮৭ সালে। একদিকে পড়াশোনা অন্যদিকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়ে অল্প সময়ে হয়ে ওঠেন পরিচিত মুখ। কর্মী থেকে নেতা।

২০০২ সালে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল নেতা, ২০১৭ সালে মহানগর যুবদল সভাপতি ও ২০২২ সালে মহানগর বিএনপি’র সদস্য সচিব নির্বাচিত হন। স্কুল-কলেজ পার করে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে আইনজীবী পেশায় জড়িয়ে পড়েন। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজপথে মিছিল-সভায় সক্রিয় হয়ে ওঠেন আন্দোলন-সংগ্রামে। এতে করে প্রতিহিংসার রাজনীতিতে আওয়ামী সরকারের তোপের মুখে পড়ে হত্যা, নাশকতা, দেশদ্রোহীসহ ৩০টি মিথ্যা মামলার যাঁতাকলে পড়েন। ২০২৩ সালের ২৯শে অক্টোবর আন্দোলনে রংপুর জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ মাস জেলে থাকাকালীন সময় তার নামে দেয়া বিস্ফোরক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। হাইকোর্ট থেকে জামিন নিলেও পুলিশ হয়রানি থেকে রেহাই পাননি।

২০২৪ সালের জুলাই-আগস্টে হত্যা মামলাসহ নতুন করে ২০টি মামলা দেয়া হয় তার নামে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের প্রতি ত্যাগের মূল্যায়ন পেয়ে চলতি বছরের মার্চ মাসে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক পদ পান। রংপুর সিটি করপোরেশনে সরজমিন দেখা যায়, দাপ্তরিক কার্যক্রম চলাকালে নগরীর ৩৩টি ওয়ার্ডের মানুষজন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে রসিক প্রশাসকের কাছে আসেন। সকলকে তিনি সামাজিকসহ বিভিন্ন সমস্যা সমাধানে চেষ্টা করছেন। মাহফুজ মানবজমিনকে বলেন, বিগত মেয়রের রংপুর উন্নয়ন পরিকল্পনা ছিল না। প্রায় দেড় যুগ পার হলেও আওয়ামী লীগ সরকারের আমলে রংপুরের তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি প্রশাসক হওয়ার পর বিভিন্ন সড়ক সংস্কারসহ ১২টি প্রকল্পের উন্নয়নের কাজ সম্পন্ন করতে ইতিমধ্যেই ৫০ কোটি টাকার টেন্ডার দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন