সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কাজিরবাজার ব্রিজে ছুরিকাঘাতে খুন হওয়া রিফাত আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি দুপুরে সিলেট মহানগরস্থ খাসদবির এলাকাস্থ রিফাতদের বাসায় গিয়ে তার শোকাহত মা-বাবার ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া রিফাত হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির আহমদের সঙ্গে কথা বলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য।
এমপি এমরান আহমদ চৌধুরী নিহত রিফাতের বাবা-মাকে আশ্বাস দিয়ে বলেন- তিনি সবসময় এ পরিবারের পাশে আছেন এবং ন্যায়বিচার পাইয়ে দেয়ার ক্ষেত্রে যা প্রয়োজন সবটুকু করবেন। উল্লেখ্য, ২৭শে জুলাই সন্ধ্যায় দক্ষিণ সুরমায় ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের নিয়ে ফেরার পথে মহানগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় রিফাত আহমদ। সে সিলেটের খাসদবির এলাকার দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন বন্ধন জি-৩ বাসর মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে ও দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
