বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০২৬-২৮ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন স্থগিতের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে উজ্জ্বল-লিপু পরিষদ। নির্বাচন পরিস্থিতি ও আইনি জটিলতা নিয়ে রোববার এফডিসি’র ভিআইপি প্রজেকশন হলে সংবাদ সম্মেলন করে পরিষদটি। সংবাদ সম্মেলনে কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচন কেবল ভোটগ্রহণের বিষয় নয়। এর সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র, আইন, সদস্যদের আস্থা ও সুশাসন সরাসরি সম্পর্কিত। তাই গঠনতন্ত্রের বিধান যথাযথভাবে অনুসরণ করেই নির্বাচন আয়োজন প্রয়োজন। তিনি বলেন, গঠনতন্ত্রের বিভিন্ন বিধানের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে বর্তমানে আইনগত প্রশ্ন ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। অতীতেও নির্বাচন, ভোটার তালিকা, প্রার্থিতা ও গঠনতন্ত্রের ব্যাখ্যা নিয়ে একাধিক মামলা ও রিট হয়েছে। এর মধ্যে কিছু বিষয় এখনো বিচারাধীন।
উজ্জ্বল জানান, ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে দুই প্রার্থীর প্রার্থিতার বৈধতা নিয়ে নির্বাচন কমিশন ও আপিল কমিশনের ভিন্নমুখী সিদ্ধান্তের পর বিষয়টি এফবিসিসিআই ট্রাইব্যুনালে যায়। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় তারা উচ্চ আদালতের শরণাপন্ন হন। তাদের দায়ের করা আবেদন শুনানি শেষে উচ্চ আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন। উজ্জ্বল বলেন, আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তি বা প্রার্থীর বিরুদ্ধে নয়। আমরা কেবল একটি আইনসম্মত, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গঠনতন্ত্রসম্মত নির্বাচন নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছি।
আইনি বিষয় ব্যাখ্যা করে সাধারণ সম্পাদক প্রার্থী কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী পর পর তিন মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ার পর একজন ব্যক্তি পরবর্তী এক মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না- এমন বিধান ছিল। বর্তমানে ট্রেড অর্গানাইজেশন আইন-২০২৫ এর ১৮(ক) অনুযায়ী পর পর দুই মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে থাকা ব্যক্তিকে এক মেয়াদ বিরতি দিয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
তিনি দাবি করেন, ২০০৫-০৭, ২০০৮-১০ ও ২০১১-১৩ মেয়াদে খোরশেদ আলম খসরু ও শামসুল আলম পর পর তিন মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। ফলে পরবর্তী এক মেয়াদে তাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার বাধ্যবাধকতা রয়েছে। লিপু বলেন, আমরা আদালতে গিয়েছি। আদালত আমাদের দুই মাস সময় দিয়েছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য। সংবাদ সম্মেলনে উজ্জ্বল-লিপু পরিষদের প্রার্থী ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
