গতকাল ছিল দেশের কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। দিনটিতে আরেক প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ তার সঙ্গে আলাউদ্দিন আলীর কিছু অম্লান স্মৃতি ভাগ করে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আলাউদ্দিন আলীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, কিছু স্মৃতি জীবনে অম্লান হয়ে রয়। সালটা ১৯৮২! জীবনের প্রথম সিনেমার গান গাই ‘ইন্সপেক্টর’ সিনেমায়। গানটির সুর করেছিলেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। শ্রুতি স্টুডিওতে মহরত অনুষ্ঠানে সংগীত ভুবনের সব রথী-মহারথীদের দেখে ভয়ে স্টুডিও থেকে বের হয়ে যাই।
আলাউদ্দিন আলী ভাই পেছন পেছন এসে জিজ্ঞেস করলে আমি বলি, আর গান গাইবো না! চিটাগং চলে যাবো! তিনি সঙ্গে সঙ্গে আমার গালে একটা চড় বসিয়ে দেন! আর বলেছিলেন, যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াবে, তখন ভাববে তুমিই সেরা। আর যদি চিটাগং চলে যাও, তাহলে তুমি শেষ। উনার মতো একজন সংগীতের মহাজনের আশীর্বাদের ছোঁয়া পাওয়া, যে কারও জন্যই বড় প্রাপ্তি! বিশ্বজিৎ আরও লেখেন, তবে এটা শাশ্বত সত্য, ওইদিন সন্তানতুল্য স্নেহদানকারী আলাউদ্দিন আলী ভাই সে চড় এবং উৎসাহ না দিলে ঢাকায় থাকার সাহসটা পেতাম না। জীবনের প্রতিটি ধাপে আপনাকে মিস করি আলী ভাই। জানি এখনো আপনার আশীর্বাদ আমার মাথার উপর আছে, থাকবে আমৃত্যু।
