‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাত ফারিয়া

‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাত ফারিয়া

ফন্ট সাইজ:

সম্প্রতি বিএফডিসিতে শুরু হয়েছে ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘লাপাত্তা’ নামক ওয়েব ফিল্মের শুটিং। এ ফিল্মের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফিল্মটির ঘোষণা বেশ কিছুদিন আগেই এসেছিল। এবার পরিকল্পনা রয়েছে টানা শুটিংয়ের। ফারিয়া ছাড়াও ‘লাপাত্তা’য় অভিনয় করছেন- নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, প্রথম দিনের শুটিং করেছেন এফডিসিতে। আগামী কিছুদিন ৩০০ ফিট পূর্বাচল এবং ঢাকার বাইরের লোকেশনে শুটিং করবেন।

‘লাপাত্তা’ মূলত একটি কমেডি থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে। এই ওয়েব ফিল্মটি দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পাবে। নির্মাতা বলেন, দর্শকের জন্য নতুন ও ভিন্নধর্মী একটি কাজ উপহার দেয়ার চেষ্টা করছি। এদিকে, নতুন এ কাজ প্রসঙ্গে ফারিয়া বলেন, খুব ভালো লাগছে ‘লাপাত্তা’র শুটিং করতে গিয়ে। বেশ বড় আয়োজনে শুটিং হচ্ছে। বিশেষ করে ফিল্মটির গল্পটি খুব মজার। কমেডি, থ্রিলার, সাসপেন্স, রোমান্স- সবই রয়েছে এখানে। আমার বিশ্বাস, ফিল্মটি মুক্তি পেলে দর্শক বেশ উপভোগ করবেন। এদিকে, ফারিয়াকে সবশেষ দেখা গেছে তার কণ্ঠের নতুন একটি গানে। ‘লোকে বলে’ শিরোনামের এ গানচিত্রের মাধ্যমেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন