নায়ক থেকে গায়ক, ব্যবসায়ী থেকে প্রযোজক, অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। সম্প্রতি ১০ বছরের ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শোনা যায়। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়। তবে ভাইরাল সেই ভিডিও’র একটি পোস্টে মন্তব্য করেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ম্রুণাল। অভিনেত্রীর স্পষ্ট জবাব, একই জায়গা থেকে বের হলেই যে দু’জনের মধ্যে সম্পর্ক রয়েছে- এমনটা ধরে নেয়া ঠিক নয়।
গুঞ্জনের ইতি টানতে ম্রুণাল যে পোস্টের মন্তব্যঘরে প্রতিক্রিয়া জানান, সেখানে লেখা ছিল- ম্রুণাল ঠাকুর কি তার চেয়ে ১০ বছর ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ডেট করছেন? ওই পোস্টের প্রতিক্রিয়ায় অভিনেত্রী লেখেন, ভাই, শান্ত হন। আমাদের একসঙ্গে কোথায় দেখেছেন? কীভাবে? আপনারা এত শিক্ষিত মানুষ হয়েও এমন গুজবকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন কীভাবে? তিনি আরও লেখেন, দেশে কতো কিছুই না ঘটছে। জেন-জিদের কাছ থেকে কিছু শিখুন, গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন- তাহলে আরও বেশি ভিউ পাবেন।
