মহামারি আকার ধারণ করেছে অবৈধ চায়না দুয়ারি, বাদাই, কারেন্ট জাল। কোনোভাবেই থামানো যাচ্ছে না এই সব জালের ব্যবহার। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাতদিন নিষিদ্ধ চায়না দুয়ারি, বাদাই জালসহ বিভিন্নভাবে পোনা মাছ নিধন করছে কিছু অসাধু জেলে। এর ফলে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে। অপর দিকে এসব নিষিদ্ধ জালে ছেঁকে মাছ ধরার কারণে বিলের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। একদিকে প্রশাসনের পক্ষ থেকে কিছু অভিযান পরিচালনা করা হলেও, প্রভাবশালীদের কারণে আরও বেপরোয়া হয়ে উঠেছে এই চক্রটি। সন্ধ্যার সঙ্গে সঙ্গেই উপজেলার মাধনগর থেকে বেশ কিছু নৌকায় বাদাই, চায়নাসহ বিভিন্ন জাল নিয়ে চলে মৎস্য নিধনের উৎসব।
হালতিবিলসহ উপজেলার বিভিন্ন বিলে নৌকা নিয়ে অসাধু জেলেরা নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকার করছে। বাদাই জাল, চায়না দুয়ারি জাল ফেলে পোনা মাছ শিকার করছে তারা। ভোরের আলো না ফুটতেই হালতিবিলের মাধনগর, পাটুলসহ বিভিন্ন বাজারগুলোতে আসতে শুরু করে নির্বিচারে জেলেদের জালে ধরা পড়া মাছের ছোট ছোট পোনাসহ বিভিন্ন মাছ। নামমাত্র দামে বিক্রি হচ্ছে এসব পোনা মাছ। কিছু অসাধু চক্রের প্রভাবে প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটছে। দেশে যেসব জাল দিয়ে মাছ শিকার নিষেধ তার অন্যতম এই চায়না দুয়ারি। নামে জাল হলেও চায়না দুয়ারি মূলত এক ধরনের মাছ ধরার ফাঁদ। যাতে আটকা পড়ে পুঁটি, টেংরা, শোল, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছের পোনা। বেশির ভাগ জালে মাছের সঙ্গে সঙ্গে মারা পড়ছে বিভিন্ন জলজ প্রাণীও।
অন্যায় জেনেও নির্বিচারে পোনা নিধন চালিয়ে যাচ্ছে জেলেরা। স্থানীয় বাসিন্দা পাভেল শেখ, রাশেদ আলম, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ অনেকে বলেন, হালতিবিলসহ উপজেলার বিভিন্ন বিলে নৌকা নিয়ে অসাধু জেলেরা নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকার করছে। বাদাই জাল, চায়না দুয়ারি জাল ফেলে পোনা মাছ শিকার করছে। ভোরের আলো না ফুটতেই বিভিন্ন মাছের আড়ত ও বাজারে বিক্রি চলছে। বেশির ভাগ জালে মাছের সঙ্গে সঙ্গে মারা পড়ছে বিভিন্ন জলজ প্রাণীও। হালতিবিলসহ উপজেলার অন্যান্য খাল, বিল, নদী রক্ষার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান ও নাটোর জেলা মৎস্য কর্মকতা মো. ওমর আলী বলেন, মৎস্য আইন বাস্তবায়নে অবৈধ জাল আটক বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি অভিযান চালিয়ে বিভিন্ন জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
