মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার আবদুুল মালেকের ছেলে।
বিজিবি কর্মকর্তা জানান, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় আনুমানিক ৫০০ গজ ভেতরে একদল চোরাকারবারি যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান। তিনি আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।
