দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, কিশোরগঞ্জে অবহিতকরণ সভা

ফন্ট সাইজ:

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডাটাবেজ প্রবর্তন এবং ডাটাবেজ প্রবর্তনের মাধ্যমে ডাটাবেজে অন্তর্ভুক্ত নৌযানসমূহকে নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে। আগামী ২০শে আগস্ট থেকে ২৯শে আগস্ট এই নৌযান শুমারি পরিচালনা করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে নৌপরিবহন অধিদপ্তর নৌযান শুমারি পরিচালনার উদ্যোগ নিয়েছে। নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে রোববার জেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নৌযান শুমারি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. মহিদুল ইসলাম। নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন উপজেলার ইউএনও, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে নৌযান মালিক, মাঝিমাল্লা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে একটি সফল ও মানসম্মত শুমারি সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন