চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক পুরুষ ও দুই নারীসহ তিনজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি’র মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধবখালী সীমান্তের ৭০/২-এস পিলার বরাবর অবস্থিত গেট দিয়ে ভোর ৩টার দিকে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা এক পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপি’র টহল দলের নজরে পড়ে তারা।
বিজিবি’র টহল দল শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবি’র দৃঢ় অবস্থানের কারণে ভোর ৫টা ২০ মিনিটে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যায়। পরে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবি জানিয়েছে, ঘটনাটি ইতিমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
