কিশোরগঞ্জের কটিয়াদীতে জাকির হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবকের বুকে ছুরিবিদ্ধ রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ির পাশে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জাকির হোসেনকে আত্মীয়স্বজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত জাকির হোসেন উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরাভিটা গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে সংসারের দেখভাল করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি সংলগ্ন উঠাবিলে মাছ ধরতে বের হন জাকির হোসেন। রাত ১০টার দিকে তার ভগ্নিপতি প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে যান। সেখানে জাকির হোসেনের বুকে ছুরিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ডাকচিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রাতের আঁধারে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে- এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কোনো সূত্র নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে দীর্ঘদিন ধরে জাকির হোসেনের নিকটাত্মীয়দের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। তবে ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, বা নারীঘটিত কোনো বিষয়ে এ হত্যাকাণ্ড কি না? এ ব্যাপারে কিছু জানাতে পারেনি। ভগ্নিপতি হান্নান মিয়া বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে তিনি জাকির হোসেনকে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
