লঙ্কান প্রিমিয়ার লীগের (এলপিএল) রোমাঞ্চকর ফাইনালে বল হাতে সাকিব আল হাসান জাদু দেখালেও শেষ রক্ষা হলো না। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেললেও শিরোপার লড়াইয়ে এসে খেই হারালো জাফনা কিংস। রানাসিংহ প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে জাফনাকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে গল গ্যালান্টস।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জাফনা কিংস। ওপেনার আভিস্কা ফার্নান্দো ১৬ বলে ২০ রান করলেও দলের বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ। তিনে নামা খাজা নাফে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। চারে নেমে তাওহীদ হৃদয় ১০ বলে ১০ রান করে সীমানায় ধরা পড়েন। আরেক ব্যাটার কামিল মিশারা কিছুটা লড়াই করে ৩২ বলে ৪১ রান করেন। তবে অন্যদের ব্যর্থতায় ১৯.৩ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয় জাফনা। গলের হয়ে ইশান মালিঙ্গা ও চারিথ আসালাঙ্কা ৩টি করে এবং থারিন্দু রত্নায়েকে ২ উইকেট শিকার করেন।
অল্প পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে বল হাতে দারুণ শুরু করেন সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে দেন মাত্র ৫ রান। এরপর নিজের দ্বিতীয় ও দলের নবম ওভারে বল হাতে নিয়ে মাত্র ১ রান খরচ করে জোড়া আঘাত হানেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দলীয় ৭৫ রানে ২৭ বলে ৩৪ রান করা থমাস রজার্সকে ফিরিয়ে ব্রেকথ্রু দেয়ার পর, দারুণ এক আর্মারে ১৯ বলে ৩১ রান করা দিনুরা কালুপাহানাকে বোল্ড করেন তিনি। নিজের ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ২ উইকেট তুলে নেন সাকিব। এছাড়া ট্রাভিন ম্যাথু ২টি এবং মোহাম্মদ সিরাজ ১টি উইকেট নেন।
তবে সাকিবের এই দুর্দান্ত স্পেলের পরও গলের জয় আটকানো যায়নি। শেষ দিকে দাসুন শানাকা (৯ বলে ২০* রান) ও সাহান আরাচ্চিগের (১৯ বলে ১৪* রান) দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় নিশ্চিত করে গল গ্যালান্টস। গলের স্কোয়াডে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান থাকলেও ফাইনালে একাদশে খেলার সুযোগ পাননি।
