বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদচ্যুত করতে একটি ‘সুসংহত ও ধারাবাহিক প্রচেষ্টা’ চলছে বলে তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) তীব্র চাপের মুখে এই কড়া প্রতিক্রিয়া জানালো বিশ্ব ফুটবলের এই অভিভাবক সংস্থা।
সম্প্রতি বৃটিশ গণমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালীন এক নারী সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ইনফান্তিনোর। এর জেরে সেই নারীকে উয়েফা থেকে একটি বিচ্ছেদকালীন ভাতা দেয়া হয়, যা ইনফান্তিনোর সঙ্গে জড়িত। তবে ফিফার একজন মুখপাত্র এই অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
মূলত ফিফার বাণিজ্যিক ও টিকিটিং অধিকার পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের একটি নতুন কোম্পানি গঠনের বিতর্কিত প্রস্তাবকে কেন্দ্র করেই বর্তমান সংকটের সূত্রপাত। এই প্রস্তাবের আওতায় ওই কোম্পানির ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল।
এই প্রস্তাবের প্রতিবাদে উয়েফা ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনোস তো সরাসরি ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানান। উয়েফা জানায়, এই পরিকল্পনা চিরতরে বাতিল করা হয়েছে এমন সুনির্দিষ্ট নিশ্চয়তা না পেলে তারা ফিফা ইভেন্ট বয়কটের হুমকি বহাল রাখবে।
মরক্কোর রাবাতে ফিফা ব্যবস্থাপনা বোর্ডের এক জরুরি বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম এফএফই প্রস্তাবের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে একই সঙ্গে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংস্থার সততা ও সুশাসনের ওপর কোনো আক্রমণ আর বরদাস্ত করা হবে না।
শনিবার ফিফার বিবৃতিতে বলা হয়, ‘ফিফার সভাপতি ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর দ্বারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি তাদের দেয়া আস্থার ভিত্তিতেই দায়িত্ব পালন করে চলেছেন। এটা স্পষ্ট যে, ফিফা ও এর সভাপতিকে হেয় করার জন্য একটি বিশেষ মহল সুসংহত ও অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ইনফান্তিনোর বিরোধিতায় মূলত ইউরোপিয়ান দেশগুলোই সোচ্চার। তবে এর বিপরীতে দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) এবং মেক্সিকো ফুটবল ফেডারেশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ২১১টি সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে অপসারণের যেকোনো প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করবে। এছাড়া আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) ৫৪টি দেশও একবাক্যে বর্তমান সভাপতির প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে।
ফিফা শেষ পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংস্থাটি যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তবে যাচাইহীন তথ্য ও বিকৃত প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর লাইসেন্স কাউকে দেয়া হবে না।
