প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ১১ দলের প্রার্থী হিসেবে এলডিপি’র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে চূড়ান্ত করা হয়েছে। রোববার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসে ১১ দল। এদিন সকাল সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে এ বৈঠক চলে। বৈঠকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা যোগ দেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করেই প্রেসিডেন্ট নির্বাচন হওয়া উচিত। কিন্তু বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটেনি। বর্তমান সরকারও পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ১১ দলের আলোচনা হয়েছে। বিএনপি সরকারের নির্বাচন-পরবর্তী অবস্থান, জুলাই সনদ নিয়ে দ্বিচারিতা—এসব বিষয়েও আলোচনা হয়েছে। অনেক দিন যাবৎ ঐকমত্য কমিশনের আলোচনায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল।’
সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট চুপ্পুকে কোন ষড়যন্ত্র থেকে ছয় মাস বাঁচিয়েছে জানি না। এখন যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তিনি ট্রানজিশন সময়ে কী করবেন। বিএনপি ট্রানজিশন সময়ের সুযোগ নিয়ে থাকে।’
তিনি জানান, প্রেসিডেন্ট নির্বাচনে ১১ দলের পক্ষ থেকে তারা অংশ নেবেন। এ নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে চূড়ান্ত করা হয়েছে। সংকটের এই সময়ের জন্য তিনি যথোপযুক্ত।’
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য বিএনপি ও সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করেনি। আমরা ঐক্যবদ্ধ থাকলেও বিএনপির কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি, এই সরকারের কারণেও হয়নি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই জনগণ দেখুক, আমরা আমাদের জায়গায় ঐক্যবদ্ধ। অংশগ্রহণ করাই জনগণের কাছে মেসেজ। জনগণ দেখুক বিষয়গুলো।’ তিনি বলেন, ‘আমরা চেয়েছি জুলাই সনদ মেনে প্রেসিডেন্ট নির্বাচন হোক, কিন্তু কিছুই হয়নি।’
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ২০ আগস্ট প্রেসিডেন্ট পদে নির্বাচন।

Andalib
৪৫ মিনিট আগেভোট কি গোপন ব্যালটের হবে ?