শরীয়তপুরের ভেদরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তার দুই ভাই-বোনকে চুরির অপবাদে গাছে বেঁধে নির্যাতন, মারধর এবং তরুণীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘসময় তাদের আটকে রেখে নির্যাতনের পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ উপজেলার সখিপুরের ছৈয়াল কান্দি এলাকার মুদি দোকানি আবুল মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরে ফারিয়া আক্তার নামের ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলো। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাবও দেয়া হয় বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে স্থানীয়রা মনিরকে একাধিকবার সতর্ক করেন। গত মঙ্গলবার সকালে ফারিয়া তার ছোট বোন মারিয়া আক্তার (১৩) ও ভাই ফাহিমকে (৭) নিয়ে মনিরের দোকানে কেনাকাটা করতে যান। সেখানে মনির তাকে অশালীন কথাবার্তা ও রাতে দেখা করার প্রস্তাব দেয় বলে অভিযোগ করেন ফারিয়া। এর প্রতিবাদ করলে মনির তাকে ও তার দুই ভাই-বোনকে দোকানের পাশের ফৌজিয়া সরদারের বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখে বলে অভিযোগ।
ভুক্তভোগীদের পরিবারের দাবি, সেখানে তাদের হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ফারিয়া ও তার ভাই-বোনকে চুরির অপবাদ দেয়া হয়। পরে মনিরসহ কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং ফারিয়ার মাথার চুল কেটে দেয়। এ সময় তাকে জুতার মালা পরানো হয় বলেও অভিযোগ পরিবারের।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ভাই-বোনকে উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শুক্রবার দিনগত রাত ১২ টার দিকে থানায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগম ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সেটা মামলা হিসেবে রুজু করে রাতেই অভিযান চালিয়ে এজহারভুক্ত দুই আসামি আফসানা সরদার (৫০) ও আমিরকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী মিলে ওই মেয়েকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। মেয়েটি কান্নাকাটি করছে। একপর্যায়ে এক যুবক এসে মেয়েটির হাত আরও শক্ত করে গাছের সঙ্গে বাঁধছেন। এক নারীকে আবার গলায় জুতার মালা পরিয়ে দিতে দেখা যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মাথার চুল কেটে দেয়া হয়। অন্যদিকে ভুক্তভোগী বোনকেও একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
ফারিয়ার মা ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মনির আমার মেয়েকে বিভিন্ন কুপ্রস্তাব দিতো। মঙ্গলবার সকালে আমার দুই মেয়ে ও ছেলে বাজার করতে মনিরের দোকানে যায়। সেখানে আমার মেয়েকে রাতে দেখা করার প্রস্তাব দিলে সে প্রতিবাদ করে। পরে আমার তিন সন্তানকে জোর করে একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। তাদের মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং মেয়ের মাথার চুল কেটে দেয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ফারিয়া আক্তারের অভিযোগ, মনির তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। ঘটনার দিন প্রতিবাদ করায় তাকে ও তার ভাই-বোনকে জোর করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি কক্ষে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে চিৎকার করলে লোকজন জড়ো হয় এবং তখন তাকে চুরির অপবাদ দেয়া হয়। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেয়া হয়। অন্যদিকে তার ভাই-বোনকেও একই কায়দায় গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হুসাইন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও শুক্রবার দুপুরে সেটি প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে আবার দিনগত রাত ১২টার দিকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়। আমরা অভিযোগটি পাওয়ার পর মামলা রুজু করে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
