ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আব্বাস

ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আব্বাস

ফন্ট সাইজ:

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দলকে শক্তিশালী করতে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে এনেছে বাফুফে। ১৯ বছর বয়সী এই উইঙ্গার গতকাল ঢাকায় পৌঁছান। শিগগিরই যশোরে অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে দলের প্রস্তুতি। ৩১শে আগস্ট থেকে ৫ই সেপ্টেম্বর উজবেকিস্তানে হবে বাছাইপর্বের ম্যাচ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। অ্যাডামকে দলে আনতে কয়েক মাস ধরে কাজ করেছে বাফুফের টেকনিক্যাল বিভাগ। গত এপ্রিলে তার খেলার ভিডিও বিশ্লেষণ করে যোগাযোগ শুরু হয়। এরপর নাগরিকত্ব ও পাসপোর্ট-সংক্রান্ত কাগজপত্রের প্রক্রিয়া শেষে দেশে এলেন তিনি।

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের ফুটবল শুরু ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে, চার বছর সেখানে বয়সভিত্তিক ফুটবল খেলেন। পরে যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে। চোটের কারণে বার্নলির সঙ্গে চুক্তি নবায়ন হয়নি তার। উইংয়ে গতি ও আক্রমণ তৈরির দক্ষতার জন্য পরিচিত অ্যাডাম। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর সক্ষমতাও আছে তার। আক্রমণভাগে একাধিক পজিশনে খেলতে পারার গুণ বিবেচনায় তাকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে বাফুফে। এর আগে বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছিলেন, অ্যাডামসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে কাজ করছে ফেডারেশন। ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন- তা ঠিক করবেন প্রধান কোচ ও টেকনিক্যাল স্টাফ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন