মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশ এইচপি দলের শুভসূচনা

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল ৮৯ রানের বড় ব্যবধানে জয় পায় মেহরাব হাসানের দল। একই ভেন্যুতে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা ভালো করতে পারেনি। দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার জিসান আলম। শূন্য রানে বিদায় নেন এ ওপেনার। ৭ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় এইচপি দল। আরিফুল ফেরেন ১৫ রান করে। ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৫০ রান তোলে দল। অষ্টম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন জাওয়াদ আবরার। ১৮ বলে ২৮ রান করেন ডানহাতি এ ব্যাটার। এরপর প্রীতম কুমারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির রহমান রুম্মন। নবম ওভারে প্রীতম ফিরে যাওয়ার পর সাব্বিরও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। সাজঘরে ফেরেন ১২ বলে ১৪ রান করে।

১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে দলকে টানেন অধিনায়ক এস এম মেহরব ও আব্দুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে তাদের ৫২ রানের জুটিই বাংলাদেশকে এনে দেয় লড়াই করার মতো পুঁজি। সাকলাইন খেলেন ২৬ বলে ৩২ রানের ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলে ওপেনার নাজমুস সাকিবকে বোল্ড করেন আবু হায়দার রনি। দ্বিতীয় ওভারে আরেক ওপেনারকে ফেরান রুবেল হাসান। ৫০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। আহমেদ আকিল ওয়াহিদের ২৫ বলে ২৯ রানই ছিল তাদের সর্বোচ্চ। রুবেল হাসান ও রাকিবুল হাসান নেন দু’টি করে উইকেট। ১৬ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন