জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তালা বাজারে গার্মেন্টসের ব্যবসা করতেন তিনি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সনজয় কুমার দে জানান, সকালে নিজেদের জমিতে ধান রোপণের জন্য ৮-১০ জন কৃষিশ্রমিককে সঙ্গে নিয়ে বাড়ির পাশের বিলে যান চিত্তরঞ্জন। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় জমিতে ধান রোপণের কাজ করছিলেন তিনি। আকস্মিক বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের আঘাতে চিত্তরঞ্জনের শরীরে আগুন ধরে যায়। পরে পাশে থাকা কৃষকরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুবরণ করায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
