মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না এবং নিজেদের অসহায় মনে করবেন না। আমি আপনাদের পাশে আছি। যতদিন বেঁচে থাকবো, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। গত রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের কালীবাড়ি আনন্দময়ী কালীমন্দিরে সনাতনীদের সঙ্গে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। রিতা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশে যখন কোনো সরকার ছিল না, প্রশাসন ছিল না- তখন এই মানিকগঞ্জে আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল। পাহারা দিয়ে নিরাপদে রেখেছিল আপনাদের বাড়িঘর এবং ধর্মীয় উপাসনালয়গুলো। এটাই হচ্ছে বিএনপি’র আদর্শ। ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি মানবিক দেশ গঠনে দেশনায়ক তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আফরোজা খান রিতা বলেন, আমরা যেমন আপনাদের পাশে আছি ঠিক আপনারাও আমাদের পাশে রাখবেন। মিলেমিশে আমরা সুন্দর একটি মানিকগঞ্জ গড়ে তুলতে চাই। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করাই বিএনপি’র উদ্দেশ্য। সনাতনী ধর্মের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আফরোজা খান রিতা বলেন, আপনারা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করবেন। কেউ যদি আপনাদের ওপর আঘাত হানার চেষ্টা করে আমাকে জানাবেন, আমি তাদের হাত ভেঙে দেবো এবং কঠোর ব্যবস্থা নেবো। রিতা আরও বলেন, মানিকগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স থাকবো। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যদি আমাদের দলেরও কোনো নেতাকর্মী জড়িয়ে পড়েন তাদেরও ছাড় দেয়া হবে না। জনগণের ভালো-মন্দ দেখার দায়িত্ব যদি আল্লাহ্ আমার ওপর অর্পণ করেন ইনশাআল্লাহ্ আমি সঠিক পথেই হাঁটবো। আফরোজা খান রিতা বলেন, আমার বাবা মরহুম হারুণার রশীদ খান মুন্নু জীবনে কোনোদিন অন্যায় করেননি এবং অন্যায়কে প্রশ্রয় দেননি। আমি সেই বাবার সন্তান। আমার কাছে কোনো অন্যায়কারীর প্রশ্রয় নেই। দায়িত্ব পালনে যতটা কঠোর হওয়া প্রয়োজন, ততটাই কঠোর হবো। রিতা বলেন, একদিন তো আমাকেও চলে যেতে হবে- আমার সন্তানরা যেন বলতে পারে, আমার মা একজন ভালো মানুষ ছিলেন-এটাই আমার শান্তি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীমন্দির কমিটির সভাপতি ডাক্তার ওমেশ চন্দ্র সরকার গৌরাঙ্গ সরকার, তপন কুমার নাগসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট ও হিন্দু কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানিকগঞ্জে আফরোজা খান রিতা হচ্ছেন সনাতনী ধর্মের মানুষের জন্য আশীর্বাদ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আমাদের ছায়া দিয়ে রেখেছেন। সনাতনী ধর্মের সমস্ত লোকজন রিতাকে ধানের শীষে ভোট দিয়ে আমাদের সুখে দুঃখে পাশে রাখবো। নির্বাচনী সভায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে রিতা
আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, আমি আপনাদের পাশে আছি
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
