নাটোরের গুরুদাসপুরে বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আব্দুর রহমান, আক্কাছ আলী এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আলম। তারা সবাই বড়াইগ্রামের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে আব্দুর রহমানের মৃত্যু হয়। পরে দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আক্কাছ আলীর মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে জাহাঙ্গীর মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে একজনের এবং পরে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
