নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব মন্তব্য করেছেন, ভারত তা সমর্থন করে না। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। সেইসঙ্গে মুখপাত্র ভারতের আগের অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, ‘অনুষ্ঠানটির আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমি সেই অবস্থানটিই পুনর্ব্যক্ত করছি। একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা ছিল না।’
গত ৫ই আগস্ট ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’র আয়োজনে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের বিষয়ে বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ওই অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘বাংলাদেশ আরেকটি পাকিস্তান হচ্ছে’ বলে মন্তব্যের সঙ্গে ভারত একমত কি না- এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, নয়াদিল্লি তার প্রতিবেশী অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
